নিজস্ব প্রতিবেদক: লাখো মানুষের তওবা, ইস্তেগফার ও রোনাজারিতে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হলো ঐতিহাসিক চরমোনাই মাদ্রাসা ময়দানে আয়োজিত ৩ দিনব্যাপী অগ্রহায়ণের মাহফিল।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টায় সমাপনী অধিবেশন ও আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয় লক্ষ লক্ষ মুসল্লিদের আধ্যাত্মিক এ মিলনমেলা।
এর আগে গত বুধবার (২৬ নভেম্বর) বাদ জোহর চরমোনাই পীর আমীরুল মুজাহিদীন আলহাজ হজরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম উদ্বোধনী বয়ানের মাধ্যমে এ মাহফিল শুরু হয়।
চরমোনাই পীর আমীরুল মুজাহিদীন আলহাজ হজরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আখেরি মোনাজাতে বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য দোয়া করেন এবং চাঁদাবাজ, সন্ত্রাসী, মামলাবাজদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আল্লাহর দোয়া করেন। বাংলাদেশসহ বিশ্বের নিপীড়িত মানুষের জন্য দোয়া করেন।
সমাপনী বয়ানে চরমোনাই বলেন, দুনিয়ার মোহ-ই সকল পাপের উৎস। ব্যক্তি জীবনে আর্থিক অনিয়ম থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ের যত দুর্নীতি, ফ্যাসিবাদ যা কিছু ঘটে তার কারণও এই দুনিয়ার মোহ। অথচ দুনিয়া খুবই তুচ্ছ একটা জিনিস। হায়াত শেষ হলে পৃথিবীর কোনো সম্পদ কারো কাজে লাগে না। তাই দুনিয়ার মোহ ত্যাগ করতে হবে।
সমাপনী অধিবেশনের বয়ানে চরমোনাই পীর বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মতো মনে করতে হবে। সুতরাং তাক্বওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে নেই ঐ মানুষ এমনকি আলেম, মুফতী ও পীরের কোনো মূল্য নেই।
তিনি বলেন, নিজেকে নিজে ছোট মনে করতে হবে। আমিত্ব ভাব ও তাকাব্বুরি পরিত্যাগ করতে হবে। হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। ঘোড়ার মুখে যেভাবে লাগাম থাকে, সেভাবে রাগের মুখে লাগাম লাগাতে হবে। সকাল-সন্ধ্যা জিকিরের মাধ্যমে কলপ পরিশুদ্ধ করতে হবে। গিবতের মতো গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। পরিবারের সবাইকে দ্বীন শিক্ষা দিয়ে দ্বিনের পাবন্দি করতে হবে। পরিবারে খাছ পর্দা জারি করতে হবে। সকল প্রকার নেশাজাত দ্রব্য হতে বেঁচে থাকতে হবে। আল্লাহওয়ালাদের কিতাব পড়তে হবে। সাপ্তাহিক হালকায়ে জিকির ও তালিমে নিয়মিত অংশ নিতে হবে। সহি শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে হবে।
সমাপনী অধিবেশনের বয়ানে চরমোনাই পীর মাহফিল বাস্তবায়নে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আখেরি মোনাজাতে অংশ নেয়া প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সম্মানিত ওলামায়ে কেরাম এবং গণমাধ্যমকর্মীদের মোবারকবাদ জানান তিনি।
আখেরি বয়ানের পর পীর সাহেব চরমোনাই বিভিন্ন লিখিত প্রশ্নের উত্তর দেন। এসময় তিনি মুরিদানদের সঠিক পথে পরিচালিত হবার বিভিন্ন পরামর্শ প্রদান করেন। অতঃপর তিনি তওবা করিয়ে গুনাহ থেকে বেঁচে থাকার শপথ করান।
আখেরি মোনাজাতে চরমোনাই পীর ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।
এ বছর মাহফিলে মূল ৭টি বয়ানের পাশাপাশি গুরুত্বপূর্ণ বয়ান করেন দেশের বিশিষ্ট ওলামায়ে কিরাম।