নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ সমবেত হয়ে শোক প্রকাশ করেন।
সকাল ৯টা থেকে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা কার্যালয়ে উপস্থিত হন। সকাল সাড়ে ১১টায় দোয়া ও মিলাদ মাহফিলে কোরআন খতম, ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তারা অভিভাবকহারা হয়েছেন।
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আগামী সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘জনগণের কল্যাণে নেত্রীর ত্যাগ ও আদর্শ তারা এগিয়ে নিয়ে যাবেন।
জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, ‘অসুস্থ অবস্থাতেও তিনি দেশ ও দলের খোঁজ রেখেছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।