ইসলাম ডেস্ক : মানুষের জীবন কখনোই নিষ্পাপ নয়। ভুল, গুনাহ ও অবহেলা; এগুলো দিনে-রাতে মানুষের সঙ্গী হয়ে যায়। কখনো অজান্তে, কখনো প্রবৃত্তির টানে, আবার কখনো দুর্বলতার কারণে বান্দা আল্লাহর সীমা লঙ্ঘন করে ফেলে। কিন্তু ইসলামের সৌন্দর্য এখানেই যে, গুনাহের দরজা যতই বড় হোক, তওবার দরজা তার চেয়েও প্রশস্ত।
আল্লাহ তাআলা তাঁর বান্দাদের নিরাশ করেন না; বরং বারবার ফিরে আসার আহ্বান জানান। তওবার এই অসীম সুযোগ ও আল্লাহর সীমাহীন দয়ার বাস্তব চিত্র ফুটে উঠেছে রাসুলুল্লাহ (সা.)–এর একটি হৃদয়স্পর্শী হাদিসে-
عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوبَ مُسِيءُ النَّهَارِ وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا ” .
আবূ মূসা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে আল্লাহ তাআলা তার নিজ দয়ার হাত প্রসারিত করেন যেন দিবসের অপরাধী তার নিকট তওবা করে। এমনিভাবে দিনে তিনি তার নিজ হাত প্রশস্ত করেন যেন রাতের অপরাধী তার নিকট তওবা করে।
এমনিভাবে দৈনন্দিন চলতে থাকবে পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত। (মুসলিম, হাদিস : ২৭৫৯)
হাদিসের ব্যাখ্যা
এই হাদিস আমাদের সামনে আল্লাহর রহমতের এক অতুলনীয় চিত্র তুলে ধরে। এখানে ‘হাত প্রসারিত করা’ দ্বারা আল্লাহর দয়া, ক্ষমা ও গ্রহণযোগ্যতার প্রতীকী প্রকাশ বোঝানো হয়েছে। অর্থাৎ দিন বা রাত; যে সময়েই বান্দা গুনাহ করুক না কেন, আল্লাহ তার জন্য তওবার দরজা খোলা রাখেন।
দিবসে যে গুনাহ করেছে, রাত তার জন্য ক্ষমা চাওয়ার সুবর্ণ সুযোগ; আর রাতে যে অপরাধ করেছে, দিন তার জন্য ফিরে আসার নতুন সম্ভাবনা।
হাদিসের শেষাংশে ‘পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া’ কিয়ামতের মহালক্ষণকে নির্দেশ করে। অর্থাৎ, যখন এই আলামত প্রকাশ পাবে, তখন আর তওবা গ্রহণযোগ্য হবে না। তার আগ পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাস কিংবা কিয়ামতের সেই চূড়ান্ত মুহূর্ত আসার পূর্ব পর্যন্ত আল্লাহর দরবারে ফিরে আসার পথ উন্মুক্ত।
এই হাদিস আমাদের নিরাশা ভেঙে দেয়, আত্মসমালোচনার দিকে আহ্বান জানায় এবং শেখায় যে, গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়।
শর্ত একটাই; খাঁটি অনুতাপ, আন্তরিক তওবা এবং সংশোধিত জীবনের সংকল্প।
আল্লাহ আমাদের সকলকে পরিশুদ্ধ জীবন যাপনের তাওফিক দান করুন।
লেখক: প্রাবন্ধিক ও অনুবাদক
saifpas35@gmail.com
news_google_icon_128কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন