নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশই হলো প্রকৃত ইসলামের আদর্শভিত্তিক একমাত্র রাজনৈতিক দল। দেশে ইসলামী শাসনব্যবস্থা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই।
রোববার (২৫ জানুয়ারি) রাত ৮টায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজার মোড় সিএন্ডবি বালুর মাঠে ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়ার নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, নামধারী অনেক ইসলামী দল থাকলেও তারা প্রকৃত ইসলামের আদর্শ বহন করে না। ইসলামের আদর্শ বাস্তবায়নের কথা বলে একটি রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, ইসলামের নাম ব্যবহার করে তারা জনগণের সঙ্গে বিশ্বাসভঙ্গ করেছে।
তিনি ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করার একটি সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে বলেন, মা-বোন ও বয়োজ্যেষ্ঠদের একবারের জন্য হলেও হাতপাখা প্রতীকে ভোট দিয়ে দেখার অনুরোধ জানাচ্ছি।
ময়মনসিংহ-২ আসনের প্রার্থী সম্পর্কে তিনি বলেন, মুফতি গোলাম মাওলা ভূঁইয়া একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব মানুষ। তাকে নির্বাচিত করলে ফুলপুর-তারাকান্দাবাসী একজন যোগ্য প্রতিনিধি পাবে, ইনশাআল্লাহ।
পথসভা শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সংসদ সদস্য প্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়ার হাতে প্রতীকীভাবে হাতপাখা মার্কা তুলে দেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলপুর শাখার উপদেষ্টা মাওলানা জালাল উদ্দীন, পাশাপাশি কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।