ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভা-ারিয়ায় অবৈধভাবে মজুদ রাখা ৯৫০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার উত্তর শিয়ালকাঠী ফকির বাড়ির মোড় এলাকায় তানভির এন্টারপ্রাইজের একটি গুদাম থেকে এসব তেল উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জল হালদার এবং ভা-ারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তানভির এন্টারপ্রাইজের গুদামে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ডিজেল জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হাওলাদার জব্দকৃত তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয়।
পরে বুধবার সকাল ১১টার দিকে সরকারি নির্ধারিত মূল্যে প্রতি লিটার ৯৬ টাকা ৩৯ পয়সা দরে উন্মুক্ত নিলামের মাধ্যমে জব্দকৃত তেল বিক্রি করা হয়। নিলামে অংশ নিয়ে বায়জিদ এন্টারপ্রাইজ ও ফয়সাল এন্টারপ্রাইজ ডিজেল ক্রয় করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জল হালদার জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করা দ-নীয় অপরাধ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, দোকানে মূল্য তালিকা (রেট চার্ট) প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগে রিপন খান নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।