নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের কাউখালী উপজেলায় হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিতত থেকে স্বাস্থ্য সেবিকা তন্বী শিশু আহনাফ শেখ কে টিকা প্রধানের মধ্য দিয়ে টিকা দেওয়া কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার জানান, দেশের ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এই টিকার আওতায় আনা হবে। তিনি আরও বলেন, গত ৫ এপ্রিল দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলা ও ১৩টি পৌরসভায় এই কর্মসূচি শুরু হয় এবং ২০ এপ্রিল থেকে দেশব্যাপী বাকি সকল উপজেলা ও পৌরসভায় তা চলবে, যা আগামী ৭ মে পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি জানান, কাউখালী উপজেলার প্রতিটি ওয়ার্ডে ৮টি করে কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও এমআর ক্যাম্পেইন পরিচালিত হবে। সব মিলিয়ে উপজেলায় মোট ১২০টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে তিনজন করে স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করবেন। এ কর্মসূচির আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার ৫৭২ জন এবং কমিউনিটি পর্যায়ে ৬ হাজার ২৮৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমওডিসি ডা. অমৃতা সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরিফুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এনামুল হক, রিয়াদ মাহমুদ সিকদার, রফিকুল ইসলাম, নজরুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ইপিআই কর্মকর্তা আনিসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল অভিভাবকদের নির্ধারিত সময়ে তাদের শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও সচেতন মহলকে এ বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করার অনুরোধ জানান।
এদিকে, টিকাদান কর্মসূচির প্রচার-প্রচারণা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। উপজেলা ইপিআই কর্মকর্তা আনিসুর রহমান অভিযোগ করেন, সরকার ‘এডাম’ নামের একটি সংস্থাকে প্রচারের দায়িত্ব দিলেও তারা কোনো প্রচারণা চালায়নি। এমনকি উদ্বোধনের দিনেও তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে টিকাদান কার্যক্রমের প্রচার জোরদার করতে সকলের প্রতি আহ্বান জানান।