নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) বিকেলে মাদারীপুর থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান। গ্রেফতারকৃত ব্যক্তি আব্দুল আজিজ ফরাজী (৫৭)। তিনি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার পশ্চিম ইলুরহাট গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তি ও র্যাবের সহায়তায় মাদারীপুরে তার দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলামের নির্দেশনায় এসআই সুমনের নেতৃত্বে একটি দল রাত ১০টার দিকে তাকে নাজিরপুর থানায় নিয়ে আসে।...
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে সংঘটিত ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে মাদারীপুর থেকে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।
গ্রেফতারকৃত ব্যক্তি আব্দুল আজিজ ফরাজী (৫৭)। তিনি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার পশ্চিম ইলুরহাট গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তি ও র্যাবের সহায়তায় মাদারীপুরে তার দ্বিতীয় স্ত্রীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলামের নির্দেশনায় এসআই সুমনের নেতৃত্বে একটি দল রাত ১০টার দিকে তাকে নাজিরপুর থানায় নিয়ে আসে।
তদন্তে জানা যায়, ডাকাতির ঘটনায় ৯ সদস্যের একটি আন্তঃজেলা চক্র জড়িত ছিল। এর মধ্যে ৭ জন ঘটনাস্থলে নাজমুল হাসানের বাড়িতে প্রবেশ করে এবং বাকি ২ জন ব্যবহৃত ট্রলারে অবস্থান করছিল। ডাকাতির সময় দুলাল রাড়ী নামে এক সদস্য গণপিটুনির শিকার হলে অন্যরা পরিস্থিতি আঁচ করতে পেরে ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান জানান, গত ১৯ এপ্রিল রাত আনুমানিক দেড়টার দিকে নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে মোহাম্মদ নাজমুল হাসানের বাড়িতে এ ঘটনা ঘটে।
ডাকাতির সময় স্থানীয়দের প্রতিরোধে দুলাল রাড়ী নামে এক ডাকাত গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, বরিশাল রেঞ্জের ডিআইজি ও পিরোজপুরের পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে ইতোমধ্যে ঘটনার মূল রহস্য উদঘাটন করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল আজিজ ফরাজী এই ডাকাত দলের সর্দার। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ওই ঘটনায় বাড়ির মালিক ও তার ছেলে গুরুতর আহত হন।