নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে ১২৩টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন বাংলাদেশি হাজি। ফিরতি যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ২০২ জন রয়েছেন।
হজ ব্যবস্থাপনা সংক্রান্ত ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, হজ পালনের আগে ও পরে এ পর্যন্ত ৪৯ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৬ জন নারী। মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় একজন মারা যান।
ফিরতি হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস শীর্ষে রয়েছে। সংস্থাটি এখন পর্যন্ত ২১ হাজার ৯২০ জনকে দেশে ফিরিয়েছে। সৌদি এয়ারলাইনস ১৮ হাজার ৮৮০ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৩৮০ জন এবং অন্যান্য এয়ারলাইনস ৩ হাজার ৩১১ জন হাজিকে পরিবহন করেছে।বাংলাদেশ সংবাদ
এ পর্যন্ত মোট ১২৩টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫৫টি, সৌদি এয়ারলাইনস ৪৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।
চিকিৎসা সেবার অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ২৪৩টি স্বয়ংক্রিয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। আইটি হেল্পডেস্কের মাধ্যমে সেবা পেয়েছেন ২৭ হাজার ৪১০ জন।
এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪১০ জন হাজি। বর্তমানে ২৪ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন সৌদি ন্যাশনাল হাসপাতালে ৯ জন, মক্কা মেডিক্যাল সেন্টারে ৪ জন, কেয়ার মেডিক্যালে ৩ জন, কিং ফাহাদ জেনারেল হাসপাতালে ২ জন, হেরা জেনারেল হাসপাতালে ২ জন এবং অন্যান্য হাসপাতালে একজন করে রোগী।
উল্লেখ্য, চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যান। প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফ্লাইট নির্ধারিত রয়েছে ৩০ জুন। হজযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম চলমান রয়েছে।