পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার কৃতি সন্তান মুহাম্মাদ ইবরাহীম খলিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে মাস্টার অব ফিলোসফি (এমফিল) ডিগ্রি অর্জন করেছেন। গত ১০ মে বিশ্ববিদ্যালয়ের ৭৮তম একাডেমিক কাউন্সিল সভায় এবং ২১ মে অনুষ্ঠিত ১১১ তম সিন্ডিকেট সভায় তার এমফিল ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। তার গবেষণার বিষয় ছিল ‘সন্তান প্রতিপালনে আল-কুরআন ও আস-সুন্নাহ এর নির্দেশনা : প্রেক্ষাপট বাংলাদেশ’ (Guidance of Al-Quran and As-Sunnah in Parenting: Perspective Bangladesh)|
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট কলামিস্ট ড. মুহাম্মাদ খাইরুল ইসলাম এর তত্ত্বাবধানে এ ডিগ্রি অর্জন করেন। থিসিস মূল্যায়ন ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রইছ উদদীন ও বিশেষজ্ঞ ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ওয়ালি উল্যাহ।
মুহাম্মাদ ইবরাহীম খলিল ১৯৯৩ সালের ১০ জুন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একই গ্রামের মো. আবুল কালাম ও ফাতিমা বেগমের জ্যেষ্ঠপুত্র ।
মুহাম্মাদ ইবরাহীম খলিল কাউখালী উপজেলার নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদরাসা থেকে ২০০২ সালে ট্যালেন্টপুলে ইবতেদায়ী বৃত্তি, ২০০৮ সালে দাখিল ও ২০১০ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ এবং ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা থেকে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে অনার্স আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে রেকর্ড পরিমাণ সিজিপিএ অর্জন করে সারাদেশে প্রথম স্থান লাভ করেন এ কৃতি শিক্ষার্থী। ২০১৫ সালে একই বিভাগে মাস্টার্স পরীক্ষায়ও রেকর্ড পরিমাণ সিজিপিএ অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি গবেষণা প্রবন্ধ রচনা ও গ্রন্থ প্রণয়ন করে চলেছেন। ইতোমধ্যে ২টি বই প্রকাশিত হয়েছে মেধাবী এ তরুণের। তিনি সবার কাছে দুআ চেয়েছেন।