ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়া বাজারে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ভাণ্ডারিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসান। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভাণ্ডারিয়া বাজারের ব্যবসায়ী বিনয় পালের দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া যায়।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান জানান, জনস্বার্থে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।