নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার আলোচিত গৃহবধূ সুমাইয়া আক্তার মিতুর মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যা প্ররোচনার মামলায় গ্রেফতার স্বামী, শাশুড়ি ও খালা শাশুড়ির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (২১ জুন) দুপুরে ভোলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, নিহত মিতুর স্বামী সোহাগ, শাশুড়ি কোহিনূর বেগম এবং খালা শাশুড়ি মুক্তা আক্তার। তারা মামলার এজাহারভুক্ত ১, ২ ও ৪ নম্বর আসামি। মামলা সূত্রে জানা যায়, গত ৫ জুন ভোলা শহরের উকিলপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে গৃহবধূ সুমাইয়া আক্তার মিতুর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর স্বামী, শাশুড়ি, ননদসহ শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় ওইদিন রাতেই নিহতের বাবা বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
পরে গত ১৬ জুন রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভোলা র্যাব-৮ ও চট্টগ্রাম র্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের ইপিজেড এলাকার ব্যারিস্টার কলোনি থেকে সোহাগ, কোহিনূর বেগম ও মুক্তা আক্তারকে গ্রেফতার করা হয়।
পরদিন আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এদিকে আলোচিত এ মৃত্যুর ঘটনায় প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা।