নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের সুবিধার্থে বাস ভাড়া মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া মওকুফের ঘোষণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১০ জুন বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই ঘোষণার এক মাসের মাথায় আজ তা কার্যকর হলো। শিক্ষার্থীরা জানান, উপাচার্যের প্রতিশ্রুতি এত দ্রুত বাস্তবায়িত হবে তা তাঁরা ভাবেননি। এ জন্য তাঁরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এ বিষয়ে পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম রাতুল বলেন, “যাতায়াতের সুবিধার্থে বাস ভাড়া মওকুফের সিদ্ধান্তটি অত্যন্ত শিক্ষার্থীবান্ধব। সাধারণ শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে উপাচার্যের প্রতি অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ।”
উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। যাতায়াতের জন্য অনেক সময় শিক্ষার্থীদের কাছে পর্যাপ্ত টাকা থাকে না। যাতায়াত সহজ ও খরচমুক্ত হলে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারবে এবং পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে।