1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম

কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি

  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুটি ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, রুপাসহ বিপুল পরিমাণ মালামাল চুরি হয়েছে বলে ভুক্তভোগীরা কলাপাড়া থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রথম ঘটনায়, টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী এলাকার ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন সিরাজী অভিযোগ করেন, শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৭টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা তার বসতঘরের পেছনের টিন কেটে ঘরে প্রবেশ করে। সকালে ঘুম থেকে উঠে তিনি ও পরিবারের সদস্যরা শারীরিক দুর্বলতা ও মাথা ঘোরার অনুভূতি পান। পরে ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় ঘরের পেছনের দরজা খোলা এবং টিন কাটা অবস্থায় দেখা যায়।

অভিযোগে তিনি দাবি করেন, চোরেরা নগদ ১ লাখ টাকা, প্রায় ৯ ভরি স্বর্ণালংকার, ১৩ ভরি রুপা এবং উত্তরা ব্যাংকের একটি চেকবই নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা। তিনি আরও অভিযোগ করেন, চোরেরা চেতনানাশক স্প্রে ব্যবহার করে পরিবারের সদস্যদের অচেতন করে এ ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি দুই প্রতিবেশীর ওপর সন্দেহ প্রকাশ করে তাদের নামও অভিযোগে উল্লেখ করেছেন।

অপরদিকে, কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় চুরির অভিযোগ করেছেন বরগুনার আমতলী উপজেলার পশ্চিম চিলা এলাকার বাসিন্দা মো. আবু সাইদ। তিনি বর্তমানে সজিব গ্রুপের সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) হিসেবে কলাপাড়া এলাকায় কর্মরত এবং পরিবারসহ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. সোহেল তালুকদারের ভাড়াবাসায় বসবাস করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, শুক্রবার বিকেলে তিনি পরিবারসহ শ্বশুরবাড়িতে বেড়াতে যান এবং বাসায় তালা দিয়ে বের হন। রাতে দুর্বৃত্তরা সামনের দরজার ছিটকিনি ভেঙে ঘরে প্রবেশ করে ট্রাঙ্ক ও ওয়ারড্রোবের তালা ভেঙে নগদ ৫০ হাজার টাকা, দুটি স্বর্ণের চেইন, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি, একটি রুপার নুপুর ও একটি রুপার ব্রেসলেটসহ প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়া ঘরের আসবাবপত্র তছনছ করে রেখে যায়।

পরদিন সকালে বাড়ির মালিক দরজা ভাঙা দেখতে পেয়ে মোবাইল ফোনে আবু সাইদকে বিষয়টি জানান। পরে তিনি বাসায় ফিরে এসে চুরির ঘটনা নিশ্চিত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলেও চুরি হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

দুটি ঘটনায়ই ভুক্তভোগীরা কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “উভয় অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network