লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় বিলের পানিতে ডুবে মো. আবু ছায়েদ নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু আবু ছায়েদ ওই এলাকার মো. ইব্রাহিমের ছেলে।
জানা গেছে, শনিবার সকালে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির সামনে বিলের পানিতে পড়ে যায় শিশু আবু ছায়েদ। অনেকক্ষণ পর্যন্ত তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু আবু ছায়েদকে বিলের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে তিনি ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।