নিজস্ব প্রতিবেদক : মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে পিরোজপুরের কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদে ৫ ও ৬ আগষ্ট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি নিজ হাতে ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীদের নিয়ে কয়েক শতাধিক বৃক্ষরোপণ করেন।
তিন উপজেলা পরিষদ, হাসপাতাল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাঙ্গণে বিভিন্ন জাতের ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
চারা রোপণ শেষে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী দেশজুড়ে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে দূরদর্শী উদ্যোগ নিয়েছেন, তা সফল করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। শুধু সরকারিভাবেই নয়, ব্যক্তিগত উদ্যোগেও সবাইকে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি। কাউখালী সহ এই সব এলাকা একটি সবুজ ও পরিবেশবান্ধব মডেল উপজেলায় রূপান্তর করতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাইসুল ইসলাম, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন।
এছাড়াও বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ,উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক। কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।