ঝালকাঠি জেলা সংবাদদাতা: নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পলিথিনের ক্ষতিকর প্রভাব তুলে ধরে এর ব্যবহার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তা পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ), মো. বশির গাজীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা, বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ী, মাছ বিক্রেতা, বাজার সংশ্লিষ্ট ব্যক্তি, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেওয়ায় নালা-নর্দমা ও পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে মাটি ও পানি দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
বক্তারা আরও বলেন, পলিথিনের ব্যবহার বন্ধে শুধু আইন প্রয়োগ ও জরিমানা করলেই হবে না; এর ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে। এ ক্ষেত্রে ব্যবসায়ী ও ভোক্তা—উভয় পক্ষের দায়িত্বশীল ভূমিকা জরুরি।
সভায় নিষিদ্ধ পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারে জনগণকে উৎসাহিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে পলিথিনের ব্যবহার বন্ধে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় অংশ নেওয়া ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা পলিথিনের ব্যবহার বন্ধে প্রশাসনের উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং পরিবেশ রক্ষায় সহযোগিতার আশ্বাস দেন।