নিজস্ব প্রতিবেদক : নেছারাবাদে আওয়ামী লীগের ১৫ আগস্টের শোক দিবসের পোস্টার লাগানোর অভিযোগসহ সরকারবিরোধী নানা অপতৎপরতার অভিযোগে মো. জিয়া উদ্দীন তাওহীদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শশিদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জিয়া উদ্দীন তাওহীদ ওই গ্রামের ওয়ারেস উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অন্য কোথাও ১৫ আগস্টের শোক দিবসের পোস্টার দেখা না গেলেও সমুদয়কাঠি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টার দেখা গেছে।
পোস্টারে লেখা রয়েছে ‘১৫ই আগস্ট জাতীয় শোক দিবস, কাঁদো বাঙালি কাঁদো।’ এতে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। পোস্টারে ঢাকা দক্ষিণ শ্যামপুর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদধারী সাগর মন্ডলের ছবি রয়েছে। তাঁর ওপরে সমুদয়কাঠি ইউনিয়নের বাসিন্দা মো. জিয়া উদ্দীন তাওহীদের ছবিও দেখা যায়।
তবে পোস্টার লাগানোর অভিযোগ অস্বীকার করেছেন জিয়া উদ্দীন তাওহীদ। তিনি বলেন, আমি অসুস্থ মানুষ। বাড়িতে থাকি। আমি একজন সাংবাদিক ও টকশো ব্যক্তিত্ব। কে বা কারা ওই শোক দিবসের পোস্টার সাঁটিয়েছে, তা আমার জানা নেই।
সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম অভিযোগ করে বলেন, পোস্টার লাগানোর বিষয়ে তাওহীদকে জিজ্ঞাসা করতে গেলে স্থানীয় মো. সাদ্দাম তালুকদার নামে এক ব্যক্তি তাদের ওপর হামলার চেষ্টা করেন। তাঁর দাবি, ওই ব্যক্তি ছাত্রদলের পরিচয় ব্যবহার করে আওয়ামী লীগকে সহযোগিতা করছেন।
স্থানীয় বিএনপি নেতারাও জিয়া উদ্দীন তাওহীদের বিরুদ্ধে আওয়ামী লীগ-সমর্থক হিসেবে কাজ করার অভিযোগ করেছেন। তাঁদের দাবি, সাংবাদিকতার পরিচয়ে তিনি বাড়িতে বসে আওয়ামী লীগের পক্ষে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও আওয়ামী লীগের পক্ষে নিয়মিত বক্তব্য দেন। তাঁদের অভিযোগ, তাঁর নেতৃত্বেই এসব পোস্টার লাগানো হয়েছে।
সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন খান বলেন, ‘বিএনপির দু-একজন নেতার মদদে সমুদয়কাঠিতে আওয়ামী লীগের বিস্তার লাভ করছে।’ তিনি জানান, তাঁর মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন। তিনি বলেন, ‘আমি বাড়িতে থাকলে কোনো পোস্টার উঠতে দিতাম না।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘শোক দিবসের পোস্টার লাগানোসহ সরকারবিরোধী কার্যক্রমের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।