1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

ঝালকাঠিতে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও সাত দিনব্যাপী বৃক্ষমেলা। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষমেলার উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীরসহ বন বিভাগ, পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বন বিভাগ) মো. রফিকুল ইসলাম।
এ ছাড়া বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষার্থী, পরিবেশকর্মী ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন। আলোচনা সভায় বক্তারা বলেন, নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে পরিবেশের ভারসাম্য ক্রমেই নষ্ট হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো এবং পরিবেশ সুরক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক পর্যায়েও বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে সেগুলোর যথাযথভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
ঝালকাঠি জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ বৃক্ষমেলায় রয়েছে মোট ১০টি স্টল। এসব স্টলে প্রায় ৪০০ প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
সাত দিনব্যাপী এ মেলাকে ঘিরে গাছপ্রেমী মানুষের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। মেলায় বিভিন্ন বয়সী মানুষ ঘুরে দেখার পাশাপাশি নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের আঙিনায় রোপণের জন্য পছন্দের গাছের চারা সংগ্রহ করছেন। আয়োজকেরা জানান, জেলা শিল্পকলা একাডেমি চত্বরে ১৯ আগস্ট থেকে শুরু হওয়া এ বৃক্ষমেলা চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network