নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০০ পিস ইয়াবাসহ দীপ রুদ্র পাল (২২) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দীপ রুদ্র পাল ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার সদর থানার এডিনগর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত দিলীপ রুদ্র পাল ও সবিতা রুদ্র পালের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকারের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল।
এ সময় ওই সড়কের উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙা ব্রিজ এলাকায় সন্দেহজনক অবস্থায় দীপ রুদ্র পালকে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।