নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার মনপুরায় একই দিনে তিন শিশুর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজদের মধ্যে দুজন উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার কলেজ মাঠে খেলতে গিয়ে আর ফেরেনি।
অন্য শিশুটি ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। দীর্ঘ সময়েও সন্ধান না পাওয়ায় তিন শিশুর স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দুই শিশু এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এক শিশু নিখোঁজ রয়েছে।
নিখোঁজ তিন শিশু হলো উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. নাজিমুদ্দিন মঞ্জুর ছেলে মো. জুনায়েদ (১২), একই এলাকার মো. নাজিমুদ্দিনের ছেলে আরাফাত (১২) এবং ৫ নম্বর ওয়ার্ডের মো. কামালের ছেলে হাবিবুর রহমান (১৩)।
পরিবারের সদস্যরা জানান, গতকাল বাংলাবাজার কলেজ মাঠে খেলতে গিয়েছিল জুনায়েদ ও আরাফাত। খেলা শেষে তারা আর বাড়িতে ফেরেনি। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।
জুনায়েদের বাবা মো. নাজিমুদ্দিন মঞ্জু বলেন, ‘গতকাল আমার ছেলে জুনায়েদ ও তার সহকর্মী আরাফাত বাংলাবাজার কলেজ মাঠে খেলতে যায়। এরপর থেকে তারা আর বাসায় ফেরেনি। গতকাল থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও তাদের পাওয়া যায়নি।’
অন্যদিকে, হাবিবুর রহমানের বাবা মো. কামাল জানান, তার ছেলে ঢাকার যাত্রাবাড়ীর মুরাদপুর মাদরাসাতুল দারুল কুরআনে পড়াশোনা করে। গতকাল রাতে মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পর সে আর মাদ্রাসায় ফিরে আসেনি।
মো. কামাল বলেন, ‘মাগরিবের নামাজ পড়তে যাওয়ার পর থেকে আমার ছেলে আর মাদ্রাসায় ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। আমরা খুবই উদ্বিগ্ন। কেউ তার সন্ধান পেলে আমাদের জানালে পরিবারের প্রতি উপকার হবে।’
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘শিশু নিখোঁজের বিষয়ে কোনো অভিভাবক থানায় জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’ নিখোঁজ তিন শিশুর সন্ধান পেলে তাদের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।