নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দশমিনায় পুকুরপাড় থেকে আরিফুর রহমান (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ২ নম্বর আলীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিশাখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত যুবকের নাম আরিফুর রহমান। সে ওই এলাকার নুর আলম মাতব্বরের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আরিফুর রহমান গত ১৫ দিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ সময় তার চালচলনেও অস্বাভাবিকতা দেখা যায়।
বুধবার সন্ধ্যায় চিকিৎসার জন্য তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। রাতের দিকে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে ভেবে স্ত্রী বাড়িতে ফিরে যান এবং স্বামী ও শাশুড়িকে কবিরাজের কাছে রেখে আসেন।
বৃহস্পতিবার সকালে আরিফুর রহমানের মা ঘুম থেকে উঠে ছেলেকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কবিরাজের ঘরের সামনের পুকুরপাড়ে নিস্তেজ অবস্থায় ছেলেকে পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার দেন তিনি। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে মৃত দেখতে পান। খবর পেয়ে দশমিনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘পুকুরপাড় থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।’