নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার সদর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় জব্দ করা হয়েছে ৬টি লোড ড্রেজার ও ১টি বাল্কহেড।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের মধ্যে ৩৮ জনকে ১৫ দিনের করে কারাদণ্ড প্রদান করেন। এছাড়া অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ২ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন। এর আগে, সোমবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
এবিষয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল থেকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝেরচর মেঘনা নদীতে বালু মহলের বাহিরে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬টি ড্রেজার, ১টি বাল্কহেডসহ বালু উত্তোলনের সাথে জড়িত ৪০ জনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক ৪০ জনের মধ্যে ৩৮ জনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন ও দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও কোস্টগার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।