নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: পটুয়াখালীর বাউফলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নওমালা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বটকাজল এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার এসআই (নিঃ) সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম বটকাজল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ধৃত আসামি মো. ইমতিয়াজ হোসেনের মালিকানাধীন মাছের ঘেরের পূর্ব পাড়ের উত্তর-পূর্ব কোণে থাকা টিনের টং ঘর থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে ইমতিয়াজ হোসেন (৪৫), সুমন আকন (৩০) ও মোশারফ মৃধা (৪৩) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজনই নওমালা ইউনিয়নের বাসিন্দা। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।