1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা

  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: ‘বরিশালের আমড়া’ নামে দেশজুড়ে পরিচিত সুস্বাদু ও পুষ্টিকর এই ফলের বড় একটি অংশের জোগান আসে ঝালকাঠি থেকে। পেয়ারা মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় জমে উঠেছে আমড়ার বাজার। বিশেষ করে সদর উপজেলার ভীমরুলি, শতদশকাঠি, ডুমুরিয়া, আঠারোসহ আশপাশের গ্রামগুলোতে এখন আমড়া সংগ্রহ, বাছাই, বিক্রি ও পরিবহনে ব্যস্ত সময় পার করছেন কৃষক, শ্রমিক, আড়তদার ও পাইকাররা।

জেলার সবচেয়ে বড় আমড়ার বাজার হিসেবে পরিচিত ভীমরুলীর ভাসমান হাটে এখন প্রতিদিনই বসছে নৌকার সারি। পানিতে ভাসমান নৌকায় সাজিয়ে রাখা হচ্ছে টাটকা আমড়া। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পাইকাররা এসব আমড়া কিনে নৌ ও সড়কপথে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছেন। ফলে শুধু কৃষকরাই নন, আমড়াকে ঘিরে কর্মসংস্থান তৈরি হয়েছে শত শত শ্রমিক ও ব্যবসায়ীর।

ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার চার উপজেলায় চলতি মৌসুমে ৬০৫ হেক্টর জমিতে আমড়ার চাষ হয়েছে। এ বছর উৎপাদন হয়েছে প্রায় ৪ হাজার ৫৯০ মেট্রিক টন আমড়া, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।

কৃষি বিভাগের হিসাব বলছে, দুই বছরের ব্যবধানে আমড়ার আবাদ ও উৎপাদন দুটিই বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরে জেলায় ৬০২ হেক্টর জমিতে আমড়ার আবাদ হয়েছিল এবং উৎপাদন হয়েছিল ৪ হাজার ৭০ মেট্রিক টন। অর্থাৎ দুই বছরের ব্যবধানে আবাদ বেড়েছে তিন হেক্টর এবং উৎপাদন বেড়েছে ৫২০ মেট্রিক টন।

ভাসমান হাটে আমড়ার সমারোহ

পেয়ারা মৌসুমের পর ভাদ্র মাসের মধ্যে সময় জমতে শুরু করে আমড়ার বাজার। টানা প্রায় দুই মাস জেলার বিভিন্ন এলাকায় চলে আমড়ার বেচাকেনা। তবে এর মধ্যে ভীমরুলীর ভাসমান হাটটি সবচেয়ে বেশি পরিচিত। ভোর থেকে দুপুর পর্যন্ত এই হাটে নৌকায় করে আমড়া নিয়ে আসেন চাষিরা। একদিকে চলছে দরদাম, অন্যদিকে নৌকা থেকে নৌকায় আমড়া তোলা ও বাছাইয়ের কাজ।

বর্তমানে মৌসুমের শুরুতে আকার ও রংভেদে প্রতি মণ আমড়া ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত পাইকারি দরে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও মানভেদে এর দাম এক হাজার টাকার কাছাকাছিও নেমে আসে। ফলে ভালো মানের আমড়া উৎপাদন করতে পারা কৃষকরা তুলনামূলক বেশি দাম পাচ্ছেন।

চাষি ও পাইকারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমড়ার আকার, রং ও মানের ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করা হয়। প্রতি মণে দুইশ টাকা পর্যন্ত লাভ থাকে পাইকারদের। তবে শ্রমিক, পরিবহন ও খাবারের খরচ বাদ দেওয়ার পর প্রকৃত লাভ আরও কমে আসে।

আমড়ায় লাভ বেশি, পেয়ারায় লোকসানের শঙ্কা

কৃষকদের অনেকেই বলছেন, পেয়ারা চাষে উৎপাদন খরচ ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় আগের মতো লাভ নেই। অন্যদিকে আমড়ার পরিচর্যা তুলনামূলক সহজ এবং উৎপাদন খরচ কম হওয়ায় এটি কৃষকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

আমড়া চাষি সুজন হালদার শানু জানান, তার ছয় বিঘা জমিতে আমড়ার বাগান রয়েছে। চলতি মৌসুমে বাম্পার ফলন হয়েছে। প্রতিটি গাছ থেকে প্রায় চার হাজার টাকার আমড়া পাওয়া যাবে বলে আশা করছেন তিনি। সব মিলিয়ে ছয় বিঘা জমি থেকে প্রায় ছয় লাখ টাকা আয়ের প্রত্যাশা করছেন এই কৃষক।

কীর্তিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কৃষক ভবেন্দ্রনাথ হালদার বলেন, পেয়ারায় এখন আর আগের মতো লাভ নেই। চলতি বছর অনাবৃষ্টির কারণে পেয়ারার ফলনও ভালো হয়নি। তার ওপর পেয়ারায় ‘এনথ্রাক্স’ বা কালো ছিট রোগ দেখা দিয়েছে।

তিনি বলেন, পেয়ারা পাকতে শুরু করলে প্রতিদিন গাছ থেকে পেড়ে বাজারে নিতে হয়। একজন শ্রমিকের পেছনে প্রতিদিন প্রায় ৭০০ টাকা খরচ হলেও অনেক সময় সেই শ্রমিক দিয়ে সংগ্রহ করা পেয়ারা বিক্রি করে পাওয়া যায় মাত্র ৪০০ টাকা। ফলে শ্রমিকের খরচই উঠে আসে না।

ভবেন্দ্রনাথ হালদারের ভাষ্য, এর তুলনায় আমড়ায় খরচ কম এবং লাভ বেশি। একটি গাছে তিন থেকে চার মণ পর্যন্ত আমড়া ধরছে। দুজন শ্রমিক ১০ থেকে ১২টি গাছের আমড়া পাড়তে পারেন। আবার প্রতিদিন গাছ থেকে আমড়া পাড়তে হয় না; পরিপক্ব হলে একদিনেই গাছের অধিকাংশ আমড়া সংগ্রহ করা যায়। এ কারণে কৃষকদের কাছে আমড়া চাষ বেশি লাভজনক হয়ে উঠছে। তিনি আরও বলেন, একটি বাতাবি লেবু বা জাম্বুরা গাছ থেকেও বছরে কমপক্ষে দুই হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব।

আমড়াকে ঘিরে কর্মসংস্থান

আমড়ার মৌসুমকে ঘিরে শুধু কৃষকের আয় নয়, কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়েছে। জেলার বিভিন্ন আমড়ার আড়ত ও হাটে প্রতিদিন কাজ করছেন বিপুলসংখ্যক শ্রমিক। কেউ নৌকা থেকে আমড়া নামাচ্ছেন, কেউ বাছাই করছেন, কেউ বস্তাবন্দি করছেন, আবার কেউ নৌকা ও ট্রাকে আমড়া তুলে দিচ্ছেন।

শতদশকাঠির একটি আমড়া আড়তে কাজ করা শ্রমিক রবিউল ইসলাম বলেন, এই মৌসুমকে ঘিরে অন্তত পাঁচ শতাধিক শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। শ্রমিকরা দিনে ৬০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত মজুরি পাচ্ছেন। তিনি বলেন, আমড়ার মৌসুমে দিনমজুরদের জীবন কিছুটা স্বস্তিতে কাটে। বছরের অন্য সময়ের তুলনায় এ সময় কাজের চাপ ও আয় দুটোই বাড়ে।

এক কোটি টাকার আমড়া সরবরাহ করবেন আড়তদার

স্থানীয় আড়তদার নিখিল হালদার জানান, চলতি মৌসুমে তিনি প্রায় এক কোটি টাকার আমড়া ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করার লক্ষ্য নিয়েছেন। আমড়া বিক্রি থেকে পাওয়া আয় দিয়েই তার সারা বছরের অনেকটা খরচ চলে যায়। তার মতো আরও অনেক আড়তদার ও ব্যবসায়ী আমড়াকে কেন্দ্র করে সারা বছর অপেক্ষা করেন। মৌসুম শুরু হলে কৃষকদের কাছ থেকে আমড়া সংগ্রহ করে তা দেশের বিভিন্ন জেলার পাইকারদের কাছে সরবরাহ করেন তারা।

কৃষকের ‘বাজিমাত’

কৃষকদের ভাষায়, একসময় পেয়ারা বাগানই ছিল ঝালকাঠির অনেক এলাকার প্রধান ভরসা। এখন সেই বাগানে আমড়ার গাছ বাড়ছে। কম খরচে উৎপাদন, তুলনামূলক কম পরিচর্যা, বাজারে চাহিদা এবং ভালো দাম—সব মিলিয়ে আমড়া চাষ কৃষকদের কাছে লাভজনক ফসলে পরিণত হয়েছে। ভীমরুলীর ভাসমান হাটে নৌকার পর নৌকা আমড়া আর আড়তগুলোতে ক্রেতা-বিক্রেতার ব্যস্ততা যেন সেই পরিবর্তনেরই চিত্র তুলে ধরছে। কৃষকের বাগান থেকে শুরু করে হাট, আড়ত, পরিবহন ও দেশের বিভিন্ন বাজার—পুরো একটি অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রেখেছে মৌসুমি এই ফল।

কৃষি বিভাগের হিসাবে, চলতি মৌসুমে ৬০৫ হেক্টর জমি থেকে ৪ হাজার ৫৯০ মেট্রিক টন আমড়া উৎপাদন এবং প্রায় ১২ কোটি টাকার বেচাকেনার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে আমড়াকে ঘিরে শুধু ফলের বাজারই জমেনি, কৃষকের ঘরে ফিরছে বাড়তি আয়, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান—আর ঝালকাঠির আমড়া ছড়িয়ে পড়ছে দেশের বাজারে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network