নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। লাইভইভেন্ট
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৮ মিনিটে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের প্রবেশপথের সামনে এ বিস্ফোরণ ঘটে। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, কে বা কারা ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণের ঘটনায় আদালত প্রাঙ্গণে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতাকে মৃত্যুদণ্ড দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মামলার সব আসামিই পলাতক রয়েছেন।
ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। গত ১৮ আগস্ট মামলার যুক্তিতর্ক শেষ হলে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
রায়ের পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রবেশপথের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আদালত এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আরও জোরদার করা হয়েছে।