1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সরকারি চাকরি পেয়েই প্রবাসী স্বামীকে তালাক, যা বললেন দুই পক্ষ - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সরকারি চাকরি পেয়েই প্রবাসী স্বামীকে তালাক, যা বললেন দুই পক্ষ

  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঁদপুরের শাহরাস্তিতে সরকারি চাকরি পাওয়ার পর মালয়েশিয়া প্রবাসী স্বামীকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। স্বামী সাইফুল ইসলাম খোকনের দাবি, দীর্ঘদিন প্রবাসে থেকে স্ত্রীর পড়াশোনা ও চাকরির প্রস্তুতির খরচ বহন করার পর সরকারি চাকরি পাওয়ার কিছুদিনের মধ্যেই তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। পরে তিনি তালাকের নোটিশ পান। এ ঘটনায় প্রতিকার চেয়ে আদালতে মামলাও করেছেন সাইফুল।

স্থানীয় বাসিন্দা ও মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালে পারিবারিকভাবে সাইফুল ইসলাম খোকনের সঙ্গে জান্নাতুল ফেরদাউসের বিয়ে হয়। বিয়ের পর জীবিকার প্রয়োজনে সাইফুল মালয়েশিয়ায় চলে যান। সেখান থেকে তিনি স্ত্রীর উচ্চশিক্ষার ইচ্ছাকে সমর্থন করেন এবং তাঁকে স্থানীয় একটি কলেজে ভর্তি করান।

পরবর্তী সময়ে সরকারি চাকরির প্রস্তুতির জন্য স্ত্রীকে ঢাকায় নিয়ে আসেন সাইফুল। তাঁর পরিবারের দাবি, প্রায় চার বছর ধরে বিভিন্ন কোচিং, পড়াশোনা, বাসাভাড়া ও অন্যান্য খরচ তিনি বহন করেছেন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ২ জানুয়ারি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অফিস সহকারী পদে চাকরি পান জান্নাতুল ফেরদাউস।

সাইফুলের অভিযোগ, চাকরি পাওয়ার পর থেকেই তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে গত ১ জুলাই কাউকে না জানিয়ে দেশে ফিরে স্ত্রীর কর্মস্থলে যান তিনি। সেখানে দেখা হলেও স্ত্রী তাঁকে অপেক্ষায় রেখে চলে যান বলে দাবি করেন সাইফুল।

পরে গ্রামের বাড়িতে ফিরে শ্বশুরবাড়ির সদস্যদের বিষয়টি জানালে তাঁরা সমাধানের আশ্বাস দেন বলে জানান তিনি। তবে কয়েক দিন পর তাঁর বাড়িতে জান্নাতুল ফেরদাউসের পাঠানো তালাকের নোটিশ পৌঁছে।

সাইফুল ইসলাম বলেন, স্ত্রীর বিভিন্ন চাহিদা পূরণ করতে গিয়ে প্রবাসে উপার্জিত অর্থের বড় একটি অংশ তাঁর পড়াশোনা ও অন্যান্য কাজে ব্যয় করেছেন। বর্তমানে তিনি আর্থিকভাবে কঠিন অবস্থার মধ্যে পড়েছেন বলেও দাবি করেন।

তবে সাইফুলের অভিযোগের বিষয়ে জান্নাতুল ফেরদাউসের সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ভাই ফয়সল আহমেদ বলেন, বিদেশে থাকা অবস্থায় সাইফুল তাঁর বোনের খোঁজখবর রাখতেন না—এমন অভিযোগ থেকেই জান্নাত তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ফয়সল আহমেদ অবশ্য তাঁর বোনের পড়াশোনা, কোচিং, ঢাকায় বাসাভাড়া ও অন্যান্য খরচ সাইফুলের অর্থে হয়েছে বলে স্বীকার করেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সাইফুল ইসলাম। আদালতের মাধ্যমে প্রতিকার পাওয়ার আশা করছেন তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network