তরিকুল ইসলাম, ভাণ্ডারিয়া প্রতিনিধি: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর এমপি বলেছেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে কিছু অসাধু সরকারি কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে।
এসব অনিয়ম ও দুর্নীতির ধারা থেকে বেরিয়ে এসে সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
ভাণ্ডারিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ৩ ঘটিকায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে কাজ করলে সমাজে কোনো দুর্নীতি স্থান পাবে না। আপনারা সবাই দায়ীত্বশীল ও সৎ হলে কোনো অসাধু চক্র দুর্নীতি করতে সাহস পাবে না। সমাজ ও প্রশাসনিক ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী ভাণ্ডারিয়া এলাকাকে একটি মডেল উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমাদের লক্ষ্য একটাই দৃশ্যমান উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া।
এ কাজে সাংবাদিক, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তা সহ সকল দায়িত্বশীল নাগরিকের সহযোগিতা কাম্য। এছাড়াও তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মোটরসাইকেল চলাচলে হেলমেট ও বৈধ কাগজপত্র নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা জোরদার করা, কোচিং ও শিক্ষা ব্যবস্থার সার্বিক তদারকি এবং মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসানসহ সরকারি দপ্তর সমূহের প্রধান কর্মকর্তাগণ।
সভা শেষে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির আয়োজনে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।