নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাইবান্ধা সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে অস্ত্র জব্দ করা হয়।
শনিবার বিকেলে এসআরবি-১৩ এর মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এসআরবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গাইবান্ধা সদর থানাধীন সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় একটি সারের গোডাউনের পাশে শিবপুর রোডের একটি কালভার্টের নিচ থেকে একটি সাদা রঙের কাটা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।
বস্তার ভেতরে লাল রঙের একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় লোহার তৈরি একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন পাওয়া যায়। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।