নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন এবং মারধরের অভিযোগে দুমকির শ্রীরামপুর এলাকার স্থানীয় পাঁচ যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অদূরে শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালুকদার বাড়ি সংলগ্ন মাদ্রাসার পূর্ব পাশের পাকা রাস্তায় ওই শিক্ষার্থী যৌন নিপীড়নসহ ছিনতাইয়ের শিকার হন। পরে ২৩ সেপ্টেম্বর এ ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখ করে দুমকি থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।
আসামিরা হলেন- স্থানীয় খলিল মৃধার ছেলে রিফাত মৃধা, সাত্তার তালুদারের ছেলে হাসান তালুকদার, হানিফ তালুকদারের ছেলে মাহিন তালুকদার, জলিল হাওলাদারের ছেলে জাহিদ হাওলাদার ও আব্দুর রব তালুকদারের ছেলে রফিক তালুকদার। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজন জড়িত ছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় শনিবার বিকাল ৫টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা পালিয়ে থাকায় এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আশা করছি, দ্রুতই তাদের আইনের আওতায় আনতে পারব।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীকে সব ধরনের সহযোগিতা করতে প্রক্টোরিয়াল টিমকে নির্দেশ দিয়েছেন তিনি।