নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটা পৌরসভার তালতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত একটি হনুমান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় হনুমানটির মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর তালতলা এলাকায় ব্র্যাক এনজিও কার্যালয়ের পাশে একটি গাছ থেকে বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ে গুরুতর আহত হয় হনুমানটি। আহত অবস্থায় প্রায় দুই দিন ওই এলাকায় অবস্থান করে সেটি।
পরে সোমবার স্থানীয়রা বিষয়টি সমাজকর্মী মেহেদী হাসানকে জানান। খবর পেয়ে তিনি স্থানীয় সাংবাদিক ইমাম হোসেন নাহিদকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। বন বিভাগের সহায়তায় হনুমানটিকে উদ্ধার করে সোমবার সন্ধ্যা ৭টার দিকে পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হনুমানটির মৃত্যু হয়।ই-পেপার সাবস্ক্রাইব করুন
স্থানীয়রা জানান, পাথরঘাটায় সাধারণত হনুমান দেখা যায় না। গত কয়েক বছর ধরে হনুমানটি উপজেলা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। প্রাণীটিকে একনজর দেখতে প্রতিদিনই উৎসুক মানুষ ভিড় করতেন।
কেউ কলা, আবার কেউ অন্য খাবার দিয়ে হনুমানটির প্রতি ভালোবাসা দেখাতেন। অল্প সময়ের মধ্যেই এটি স্থানীয় মানুষের কাছে পরিচিত ও প্রিয় হয়ে উঠেছিল। তাই গাছ থেকে পড়ে আহত হওয়ার পর তার মৃত্যুতে অনেকেই কষ্ট পেয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে এমন কোনো বন্যপ্রাণী লোকালয়ে এলে দ্রুত উদ্ধার করে নিরাপদে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
পাথরঘাটা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরবিন্দ দাস বলেন, স্থানীয়রা আহত হনুমানটিকে কার্যালয়ে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। প্রাণীটি খুবই দুর্বল ছিল এবং খাবার খাচ্ছিল না। প্রাথমিক চিকিৎসায় অবস্থার উন্নতি হলে উন্নত চিকিৎসার উদ্যোগ নেওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার সকাল ৯টার দিকে সেটি মারা যায়।
তিনি আরও বলেন, হনুমানটির মৃত্যু সনদ প্রস্তুত করে মৃতদেহ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাণীটির বয়স আনুমানিক ৮ থেকে ১০ বছর। পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বলেন, খবর পাওয়ার পর বন বিভাগের সদস্যরা আহত হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে রাখা হয়।
সুস্থ হলে মঙ্গলবার সকালে বন বিভাগের কাছে হস্তান্তরের কথা ছিল। তবে এর আগেই হনুমানটির মৃত্যু হয়। পরে বন বিভাগের পক্ষ থেকে সেটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।