ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিয়ে শিক্ষিত করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তাই শিক্ষকদের শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার দায়িত্বও নিতে হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভাণ্ডারিয়া পৌর অডিটোরিয়ামে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সময়ে পুঁথিগত শিক্ষার পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে।
বিশেষ করে মাদরাসার শিক্ষার্থীদের আইসিটি শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ধর্মীয় ও সাধারণ শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তির জ্ঞান অর্জন জরুরি। এতে শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করতে পারবে।
প্রতিমন্ত্রী বলেন, হযরত মুহাম্মদ (সা.) মানবজাতির সর্বশ্রেষ্ঠ আদর্শ। মহানবী (সা.)-এর জীবন, কর্ম, ন্যায়নীতি, মানবিকতা ও সমাজ পরিচালনার আদর্শ শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে।
তাঁর আদর্শ অনুসরণ করে কীভাবে একজন ভালো মানুষ ও দায়িত্বশীল নাগরিক হওয়া যায়, সে বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত আলোচনা করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করার জন্য প্রস্তুত করলে হবে না।
তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং সমাজের প্রতি দায়িত্বশীল হতে হবে। একজন শিক্ষার্থীর মধ্যে সততা, শৃঙ্খলা, সহনশীলতা, মানবিকতা ও ন্যায়বোধ তৈরি করতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসব গুণ অর্জন করতে পারলেই তারা ভবিষ্যতে দেশের দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ভাণ্ডারিয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, সমাজসেবক জুলফিকর হায়দার প্রমুখ্য। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মাসুদ রানা পলাশ, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জমাদ্দার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মলাদ জোমাদ্দার ও উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার সহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।