লালমোহন (ভোলা) প্রতিনিধি: ‘করবো কাজ, গড়ব দেশ- সবার আগে বাংলাদেশ’ এবং ‘করবো কাজ, গড়ব দেশ- সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানে ভোলার লালমোহন উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। লালমোহন উপজেলায় প্রথম ধাপে বদরপুর ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ২ হাজার ২১৮ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষকদেরও এ কার্ডের আওতায় আনা হবে।
কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কর্মসূচির আওতায় কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর, জলবায়ু সহিষ্ণু ও টেকসই কৃষি ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি কৃষকদের আর্থ-সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ, সরকারি প্রণোদনা, সেচ, কৃষিঋণ, কৃষিযন্ত্র, আবহাওয়া ও বাজার তথ্যসহ বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ, ভোলা জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক খাইরুল ইসলাম মল্লিক, ট্রেনিং অফিসার ড. শামীম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, ওসি মো. নজরুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।