রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: সাংবাদিক নির্যাতন, পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় সংগঠনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে প্রত্যাশিত সক্রিয়তা না থাকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) বরগুনা জেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার (৬ অক্টোবর) বিএমএসএফের কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেন স্বাক্ষর করেছেন। চিঠিতে বলা হয়, সাংবাদিক নির্যাতন, পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিএমএসএফের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে বরগুনা জেলা শাখার প্রত্যাশিত সক্রিয়তা পরিলক্ষিত হয়নি। বিশেষ করে বরগুনায় দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তারের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: সাংবাদিক নির্যাতন, পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় সংগঠনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে প্রত্যাশিত সক্রিয়তা না থাকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) বরগুনা জেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিএমএসএফের কেন্দ্রীয় কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন আবুল হোসেন স্বাক্ষর করেছেন।
চিঠিতে বলা হয়, সাংবাদিক নির্যাতন, পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিএমএসএফের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে বরগুনা জেলা শাখার প্রত্যাশিত সক্রিয়তা পরিলক্ষিত হয়নি। বিশেষ করে বরগুনায় দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তারের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক সমাজ প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করলেও জেলা শাখার পক্ষ থেকে সংগঠনের নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্যকর সাংগঠনিক উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে কেন্দ্রীয় কমিটির কাছে প্রতীয়মান হয়েছে।
কেন্দ্রীয় কমিটি মনে করে, সাংবাদিক নির্যাতন ও পেশাগত অধিকার রক্ষার প্রশ্নে নিষ্ক্রিয়তা সংগঠনের উদ্দেশ্য, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী।
এ কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমএসএফের বরগুনা জেলা শাখার সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে জেলা শাখাকে সংগঠনের সভা-সমাবেশ ও সিদ্ধান্ত গ্রহণসহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি শাখার বর্তমান সাংগঠনিক অবস্থা ও নিষ্ক্রিয়তার কারণ উল্লেখ করে সাত কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জেলা শাখার পক্ষ থেকে কোনো সাংগঠনিক পরিচয় ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করা যাবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিএমএসএফ জানিয়েছে, জেলা শাখার ব্যাখ্যা ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।