নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বগুড়ার কাহালু থানায় একটি অভিযোগের নিষ্পত্তি নিয়ে আলোচনায় অংশ নিয়ে এক পক্ষের হয়ে তদবির করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন উপজেলা যুবলীগের সদস্য আবু বক্কর সিদ্দিক (৩৮)। বুধবার (৭ অক্টোবর) দুপুর ২টার দিকে থানার গোলঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক ২০২৫ সালে করা একটি মামলার তালিকাভুক্ত আসামি। জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছিল।
বুধবার দুপুরে কাহালু উপজেলার উলট্ট গ্রামের একটি অভিযোগের বিষয়ে থানার গোলঘরে দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেন উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। এ সময় যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিক সেখানে উপস্থিত হয়ে একটি পক্ষের পক্ষে কথা বলতে ও তদবির করতে শুরু করেন।
একপর্যায়ে অপর পক্ষের লোকজনের সন্দেহ হলে তারা পুলিশকে জানান, আবু বক্কর সিদ্দিক কাহালু উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে তথ্য যাচাই-বাছাই করে মামলার সত্যতা পায় এবং গোলঘর থেকেই তাকে গ্রেপ্তার করে।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ২০২৫ সালে দায়ের হওয়া একটি মামলা রয়েছে। খবর পাওয়ার পরপরই বিষয়টি যাচাই করে তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।