নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ঝালকাঠির নলছিটিতে মো. মিরাজ সিকদার (৩৯) নামে এক জেলেকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ অক্টোবর) ভোররাতে সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে জালসহ মিরাজকে আটক করা হয়। পরে সকালে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক কুমার কুণ্ডু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত মিরাজ সিকদার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের লাল মিয়ার ছেলে। জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এ সময়ে ইলিশ শিকার বন্ধে প্রশাসন ও মৎস্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।