নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামের বোয়ালখালীতে পরিবারের সদস্যরা পূজা ও দাওয়াতে যাওয়ার সুযোগে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় ঘর থেকে দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিদগ্রাম এলাকার সঞ্জিৎ ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য অর্ণব দত্ত জানান, দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যরা মন্দিরে পূজা দিতে বাড়ি থেকে বের হন। পূজা শেষে দুপুর ২টার দিকে তাঁর মা ও স্ত্রী ঘরে তালা দিয়ে একটি দাওয়াতে যান।
বিকেল ৩টার দিকে বাড়িতে ফিরে তাঁরা সামনের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে পেছনের দরজা খোলা পেয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় আলমারিতে রাখা দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা খোয়া যাওয়ার বিষয়টি তাঁদের নজরে আসে।
অর্ণব দত্তের ধারণা, চোরেরা ছাদ দিয়ে ঘরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।