ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর এমপি।
মঙ্গলবার বিকেলে তিনি উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দির ও ২ নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের বলবাড়ি দুর্গামন্দির পরিদর্শন করেন। একই দিনে দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নকাজও ঘুরে দেখেন তিনি।
মন্দির পরিদর্শনের সময় প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দিরে কমিটির সভাপতি সঞ্জয় দেবনাথ, ভাস্কর সাহা ও উপদেষ্টা দীপঙ্কর দাসসহ অন্য নেতারা। পরে বলবাড়ি দুর্গামন্দিরে গেলে সেখানকার কমিটির পক্ষ থেকেও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান, ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাত) জোমাদ্দার, সাবেক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সমাজসেবক মো. জুলফিকার আলী হায়দার হাওলাদার এবং উপজেলা যুবদলের সদস্যসচিব এইচ এম শামীমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিকে, মঙ্গলবার দুপুরে প্রতিমন্ত্রী উপজেলার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়নকাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তাঁর সফরসঙ্গীদের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।