1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
১৬ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৫ জন জীবিত উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

১৬ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৫ জন জীবিত উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৬ জন মাঝিমাল্লাসহ ভোলার চরফ্যাশন উপজেলার একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় সাগরে মাছ থাকা অন্য জেলেরা ডুবে যাওয়া ট্রলারের ১৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ রয়েছেন মো.নিরব (৫০) নামে ট্রলারের এক মিস্ত্রী।

সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন নিখোঁজ নিরবের বড় ভাই আব্দুর রহমান। এর আগে, গতকাল রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর উপজেলা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে।

এছাড়া এ ঘটনায় উদ্ধারকৃতদের মধ্যে রয়েছেন- ট্রলার মালিক ইউসুফ মাল, ট্রলারের মাঝি মো. নুরনবী, জেলে ইয়াছিন ও মাসুদসহ অন্যান্য জেলেরা। তারা সকলেই আসলামপুরের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

নিখোঁজের পরিবার ও সংশ্লিষ্টরা জানান, বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরার উদ্দেশ্যে গত ১৯ আগস্ট চরফ্যাশন আসলামপুর ইউনিয়নের নতুন স্লুইসগেট এলাকা থেকে ১৬ জন মাঝিমাল্লাকে নিয়ে ট্রলারটি সাগরে গিয়ে মাছ ধরা শুরু করে।

এরমধ্যে বৈরি আবহাওয়া শুরু হওয়ায় সাগর থেকে ট্রলারটি নিয়ে সাগরের তীরের দিকে আসছিল। একপর্যায়ে ঝড়ের কবলে পড়ে উল্টে ডুবে যায় ট্রলারটি। এরপর ট্রলারের জেলে ও মাঝিমাল্লাদের আশপাশে থাকা অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও নিখোঁজ হন ট্রলারের মিস্ত্রি মো.নিরব।

নিখোঁজ নিরব মিস্ত্রির ভাই আব্দুর রহমান বলেন,গতকাল সন্ধ্যায় সাগরে ট্রলারডুবিতে আমার ছোট ভাই নিখোঁজ রয়েছেন। ২৪ ঘণ্টা হতে চললেও আমি ভাইয়ের কোনো সন্ধান পাইনি। আমাদের পরিবার চরম উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে রয়েছি। কোস্টগার্ডের কাছে আমার নিখোঁজ ভাইয়ের সন্ধানে উদ্ধার অভিযান চালানোর দাবি জানাই।

নিখোঁজের প্রতিবেশী ও আসলামপুর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ তারেক বলেন, জীবিত উদ্ধার হওয়া জেলেরা বাড়িতে ফোন দিয়ে নিরবের নিখোঁজ এবং দুর্ঘটনার খবরটি জানিয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিরা মহিপুর থেকে চরফ্যাশনে আসার জন্য রওয়ানা হয়েছেন। তারা জানিয়েছেন ঝড়ের কবলে পড়ে ট্রলার উল্টে গিয়েছে।

চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে চরফ্যাশনের মো. নিরব নামে একজন নিখোঁজ রয়েছেন, বাকিরা উদ্ধার হয়েছেন, কোস্টগার্ডকে অবহিত করছি।

চরফ্যাশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মো.মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, এ ঘটনায় নিখোঁজের পরিবার লিখিতভাবে এখনও কিছু জানায়নি। তারপরও আমরা খোঁজ নিচ্ছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network