ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সারাদেশের ন্যায় পিরোজপুরে ভাণ্ডারিয়ায় শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে স্থানীয় ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পূরহিতদের সমন্বয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাণ্ডাারিয়া পৌরসভা মিলনায়তনে এ কর্মসূচি উদ্বোধন করেন।
পরে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইব্রাহিম মোল্যা, ভাণ্ডারিযা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, সমাজ সেবক জুলফিকার হায়দার, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াসিম মান্নান, উৎপল হাওলাদার ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, জনসচেতনতার অভাবেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে।
তিনি ইমাম ও পুরোহিতদের উদ্দেশে বলেন, মসজিদের খুতবা এবং মন্দিরের ধর্মীয় আলোচনা ও উপাসনালয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরতে হবে।
ধর্মীয় নেতাদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব। এ লক্ষ্যেই ইমাম ও পুরোহিতদের সম্পৃক্ত করে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।