নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দুমকিতে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির মামলায় সাইফুল ইসলাম কামাল ফরাজি নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদমতলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম কামাল ফরাজি দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি ওই ওয়ার্ডের দুবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য। তাঁর বাড়ি ইউনিয়নের জলিশা গ্রামে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও মারামারির ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
ওসি আরও জানান, দুমকি থানার উপপরিদর্শক (এসআই) তাওহীদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।