মুলাদী প্রতিনিধি: বরিশালের মুলাদীতে অগ্নিকাণ্ডে একটি বাজারের দুটি গুদাম পুড়ে গেছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের সীমান্তবর্তী ভুয়াই শরীফ বাজারে পাট ও পাটখড়ির গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

বাজারের ব্যবসায়ী আবু বকরের পাটখড়ির গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে জানান ব্যবসায়ীরা। পরে পারশ্ববর্তী গোসাইরহাট উপজেলা ও শরীয়তপুর জেলা থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করেন।

 

ভুয়াই শরীফ বাজারের ব্যবসায়ী ফয়সাল হোসেন জানান, বিকেল ৪টার দিকে আবুবকর ও মোকলেস সরদারের দোকানে আগুন দেখতে পান অন্যান্য ব্যবসায়ীরা। শুকনো পাট ও পাটখড়ির আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের ডাকচিৎকারে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে গোসাইরহাট ও শরীয়তপুর জেলা ফায়ারসার্ভিসে সংবাদ দেন।

 

পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করলে বাজারের অন্যান্য দোকানগুলো রক্ষা পায়। আগুনে দুই দোকানের মালামাল পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আবু বকর ও মোকলেস সরদার।

 

গোসাইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।