নিজস্ব প্রতিবেদক: চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি, নতুন নিয়োগ বাতিল ও দুর্নীতির বিরুদ্ধে চার দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় নগর ভবন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

 

সকালে প্রথমে নগর ভবনের সামনে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা। পরে বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন শাখা ঘুরে প্রশাসক ও সচিবের কক্ষের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।

 

বিক্ষোভ মিছিলে অগ্রভাগে নেতৃত্ব দেন পানি সরবরাহ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আরাফাত হোসেন মনির, সহকারী পরিচ্ছন্নতা কর্মকর্তা মাহবুব আলম মিন্টু, ট্রেড লাইসেন্স পরিদর্শক মো. আনিচুর রহমান, যানবাহন লাইসেন্স পরিদর্শক মো. আতিকুর রহমান মানিকসহ বিসিসির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

 

বিক্ষোভ প্রসঙ্গে বিসিসি সচিব রুম্পা সিকদার জানান,
“বিসিসিতে বর্তমানে ১২১ জন অস্থায়ী কর্মচারী রয়েছেন। তাদের বিষয়ে নবাগত প্রশাসককে অবহিত করা হয়েছে। কিভাবে তাদের সহযোগিতা করা যায়—আমরা সেটি পর্যালোচনা করছি।”

 

এদিকে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।