মিল্টন কবিরাজ : বাংলাদেশ ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)’র কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান হাবিবকে হত্যার হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় বরিশাল সদর হাসপাতালের সামনে বরিশাল মহানগর ও জেলা ফারিয়ার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে দুই সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ঔষধ কোম্পানির শতাধিক প্রতিনিধি অংশ নেন।
মানববন্ধনে বরিশাল মহানগর ফারিয়ার সভাপতি বিপ্লব কবিরাজ বলেন, “কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমানকে হত্যার হুমকি ও মানহানিকর কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে।
বরিশাল জেলা ফারিয়ার সভাপতি এস এম খায়রুল বাশার বলেন,“সামাজিক যোগাযোগমাধ্যমে ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালিয়ে সভাপতির ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। এর প্রতিবাদেই আজকের মানববন্ধন।
বরিশাল মহানগর ফারিয়ার সাধারণ সম্পাদক মোঃ কাজী রুবেল হুঁশিয়ারি দিয়ে বলেন,“অভিযুক্তকে আইনের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ফারিয়া নেতাদের অভিযোগ—কেন্দ্রীয় সভাপতি হাবিবুর রহমান হাবিবকে ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন রেনাটা ফার্মার চট্টগ্রাম রিজিওনের আরএসএম আহসানুল হক শামীম। প্রেসক্রিপশনের ছবি তোলা, সরকারি ছুটি সংক্রান্ত মতবিরোধ ও অপেশাদার আচরণ নিয়ে কথা কাটাকাটির জেরে তিনি অশ্লীল ভাষায় গালিগালাজ এবং হত্যার হুমকি দেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্টও ছড়ানো হয়েছে বলে দাবি করেন ফারিয়া নেতারা।
নেতৃবৃন্দ দ্রুত অভিযুক্তের গ্রেপ্তার, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ বাহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফাহিমুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সুমন কর্মকার, এবং মহানগর ও জেলা ফারিয়ার আরও বহু নেতা।
শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে কর্মসূচি সমাপ্ত হয়।