নিজস্ব প্রতিবেদক: বরিশালে নির্দিষ্ট কিছু সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে প্যাডেল চালিত রিকশা শ্রমিকরা।

 

বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ করে তারা। পরে রিকশা নিয়ে নগরীতে বিক্ষোভ মিছিল বের করে।

 

বিক্ষোভ সমাবেশে রিকশাচালকরা বলেন, বরিশালে ব্যাটারিচালিত রিকশা দিন দিন বাড়ছে। ফলে নগরীর জুড়ে দির্ঘ যানজটসহ বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে। নগরীর সদর রোডসহ আটটি সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষেধ থাকার পরও তা মানা হচ্ছে না।

বিষয়টি নিয়ে বরিশাল সিটি কপোরেশন, জেলা প্রশাসন বরাবরে একাধিকবার আবেদনও জানিয়েছিলেন তারা। তারপরও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা পুনরায় বিক্ষোভ করছে। দ্রুত বিষযটি নিয়ে পদক্ষেপ না নিলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন প্যাডেলচালিত রিকশা চালকরা।

 

এ সময় তারা নগরীর সদর রোড, জিলাস্কুল মোড়, লাইন রোড, গীর্জা মহল্লা ও কাটপট্টি রোডে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন, মো. চান মিয়া, দুলাল, আলমগীর হেসেন, শাজাহান মিয়াসহ আরও অনেকে।