নিজস্ব প্রতিবেদক : বহুল প্রত্যাশিত বরিশালের বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনের পর এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্যকে কেন্দ্র করে তাকে (ফুয়াদ) হেনেস্তাসহ বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ এলাকায়।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ উপস্থিত থাকায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

 

 

পরবর্তীতে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সড়ক-সেতু ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এবং নৌ-পরিবহণ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বিদায় নেয়।

 

 

এরপর বরিশাল-৩ আসন থেকে এবি পার্টির প্রার্থী দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়ার স্থানীয় সাংবাদিকদের কাছে দেওয়া সাক্ষাতকারে বলেন-স্থানীয় কিছু লোক ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেছেন। কেউ বালু ও পাথর দিতে চাচ্ছে।

 

 

তার এ বক্তব্য মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরলে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা ক্ষোভে ফেঁটে পরেন। তাৎক্ষনিক তারা ব্যারিস্টার ফুয়াদকে ভুয়া ভুয়া বলে ধাওয়া করে চরম হেনেস্তা করেন। এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন।

 

 

পরবর্তীতে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তার নিজ নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষনা করে বিক্ষোভ মিছিল করেন।

 

 

বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমান আল-আমিন বলেন, সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি (ফুয়াদ) বাবুগঞ্জের সাধারণ নাগরিকদের চাঁদাবাজ বলে অপপ্রচার করেছেন এবং চায়না কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন এমন অভিযোগ তুলে তিনি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। যেকারণে আমরা স্থানীয় সাধারণ নাগরিকরা প্রতিবাদ জানিয়েছি।

 

 

অপরদিকে এবি পার্টির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, বরিশাল-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের অনুসারীরারা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন। তারা আরও জানিয়েছেন, পার্টির সাধারণ সম্পাদকের ওপর হামলার চেষ্টা ও হেনস্তার ঘটনার প্রতিবাদে বরিশাল নগরীর সদর রোডে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। বিক্ষোভে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু উপস্থিত থাকবেন।