নিজস্ব প্রতিবেদক : নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিদ্দিক সরদার (৬০)–কে শরীয়তপুর জেলার নড়িয়া থানার রাজনগর ইউনিয়নের বটতলা বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে র‍্যাব-৮, সিপিসি-৩ এবং র‍্যাব-৩, সিপিসি-৩–এর যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সংঘবদ্ধ অপরাধী চক্র, সন্ত্রাস ও মাদক নির্মূলে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপদজনক অপরাধীদের গ্রেফতার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের এ অভিযান অব্যাহত রয়েছে।

 

র‍্যাব জানায়, বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এসআর নং ৩৯২/২০১৬ মামলায় আসামি সিদ্দিক সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রত্নাবাইড় নামে এক নারীর দায়ের করা ওই মামলার রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে শরীয়তপুর এবং ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩ –এর একটি চৌকস দল সিদ্দিক সরদারের অবস্থান শনাক্ত করে এবং র‍্যাব-৮ এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।