নিজস্ব প্রতিবেদক : ‘অনাবাদি পতিত ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প’র সেমিনার বরিশালের খামারবাড়ির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৪ ডিসেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-ডিএই’র উদ্যোগে আয়োজিত এ সেমিনারের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডিএই’র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।

 

ডিএই ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান।

 

সেমিনারে কী-নোট পেপার উপস্থাপন করেন ডিএই সদরদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের উপপরিচালক ড. শাখাওয়াত হোসেন শরীফ। প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. আকরাম হোসেন চৌধুরী।

 

সেমিনারে প্রধান অতিথি বলেন, শরীরকে সুস্থ রাখতে পুষ্টি ও নিরাপদ খাবারের বিকল্প নেই। আর তা সরবরাহে বসতবাড়ির আঙ্গিনা হতে এক চমৎকার উৎস। যদি সেখানে পরিকল্পিতভাবে বাগান করা যায়, তাহলে উৎপাদিত শাকসবজি পারিবারিক চাহিদা পূরণ করেও বাজারে বিক্রি করে কিছু অর্থ উপার্জন করা সম্ভব। দিনব্যাপি এই অনুষ্ঠানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

উল্লেখ্য, এ প্রকল্পের মাধ্যমে বরিশাল বিভাগের ৬ জেলায় স্থাপিত পুষ্টি বাগানের সংখ্যা এবার প্রায় ৪০ হাজার। প্রতিটির বাগানে জমির পরিমাণ দেড় থেকে পাঁচ শতাংশ করে। সারাদেশে এমন শাকসবজির প্লটের সংখ্যা প্রায় ৬ লাখ বরে জানা গেছে।