নিজস্ব প্রতিবেদক : ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’ প্রতিপাদ্যে সারাদেশের মতো বরিশালেও ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।

 

 

সোমবার (১৫ ডিসেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের উদ্যোগে নগরীর একটি অভিজাত হোটেলে ব্যবসায়ী ও সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার যুগ্ম কমিশনার মো. শাহীনূর কবীর পাভেল।

 

 

প্রধান অতিথির ভাষণে যুগ্ম কমিশনার বলেন, “বাংলাদেশে ভ্যাট ব্যবস্থাপনাকে আধুনিক ও স্বচ্ছ করতে জাতীয় রাজস্ব বোর্ড বেশ কয়েকটি পদক্ষেপ হাতে নিয়েছে। ঘরে বসে অনলাইনে ভ্যাট নিবন্ধন, ই-রিটার্ন ও ই-পেমেন্ট প্রক্রিয়া অটোমেটেড হওয়ায় করদাতা এবং এনবিআর উভয়ের জন্যই সুবিধা হয়েছে। বিশেষ করে করদাতার সময় ও অর্থের সাশ্রয় হয়েছে।

 

 

করদাতার স্বেচ্ছায় ভ্যাট প্রদান, কর ফাঁকি কমানো ও রাজস্ব আদায় বৃদ্ধিকরণে এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে” বলে জানিয়ে তিনি দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকারকে অর্থের যোগান দিতে নাগরিক সমাজকে ভ্যাট প্রদানে আহ্বান জানান।

 

 

তিনি বলেন, “ভ্যাট কোনো বোঝা নয়, এটি জনগণের কল্যাণেই ব্যয় হয়। তাই আমাদের সবাইকে নিয়মিত ভ্যাট ও ট্যাক্স জমা দিতে হবে। ভ্যাট প্রদানের ফলে প্রাপ্ত সুবিধাগুলো প্রচার করলে তরুণ প্রজন্ম ভ্যাট প্রদানে আগ্রহী হবে” বলেও জানান তিনি। এ সময় তিনি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়তে রাজস্ব আয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

 

 

 

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ বরিশালের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবায়দুল হক চান ও পটুয়াখালী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার শরীফ ফারুক আহমেদ খান।