নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে ৬০ ফুট উঁচু নারকেল গাছে আটকে পড়া আলামিন নামের ১১ বছরের এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৫টায় বাবুগঞ্জ বাজারের পুরাতন খেয়াঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে আলামিন নারকেল গাছে উঠে আটকে পড়ে। শিশুটি গাছ থেকে নামতে না পারায় চিৎকার শুরু করে। স্থানীয়রা উদ্ধার চেষ্টা করলেও ব্যর্থ হন এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেন।
বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর বিকাল ৫টায় শিশুটিকে নিরাপদে নিচে নামানো হয়। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার জাহিদুল ইসলাম জানান, শিশুটি নারকেল গাছের মাথায় আটকে ছিল। আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করে তাকে উদ্ধার করেছি। শিশুটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরেছে।