নিজস্ব প্রতিবেদক, মুলাদী : বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করেছে দলটির একাংশের নেতা-কর্মীরা।

 

বিকেলে মুলাদী উপজেলার তেরোচর এলাকায় দলের দোয়া মাহফিল চলাকালে এ কর্মসূচি পালন করা হয়।

 

বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বর্তমান মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পরিবর্তে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অথবা উত্তর জেলা বিএনপির নেতা আব্দুস ছাত্তার খানকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

 

উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলটি মূলত বেগম খালেদা জিয়া ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয়। তবে অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলটি বিক্ষোভে রূপ নেয়। প্রায় ৫ হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে একটি বিশাল মিছিল মুলাদী পৌর সভার সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

 

বক্তব্যে উত্তর জেলা বিএনপির ১ নম্বর সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস ছাত্তার খান বলেন, “আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তবে ফ্যাসিস্টদের দোসরেরা যেন কোনোভাবে দলের ভেতর ষড়যন্ত্র করতে না পারে সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।

 

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বর্তমান মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন একজন ‘জনবিচ্ছিন্ন’ নেতা। তাই দলের স্বার্থে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।

 

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীনকে মনোনয়ন দেয় বিএনপি। এরপর থেকেই তার মনোনয়ন বাতিলের দাবিতে সেলিমা রহমান ও আব্দুস ছাত্তার খানের অনুসারীরা মশাল মিছিল ও বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।